কেশবপুরে বুড়িভদ্রা নদী থেকে অবৈধ নেট জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বুড়িভদ্রা নদীতে অবৈধভাবে স্থাপন করা বিপুল পরিমাণ নেট জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর পরিচালিত এক যৌথ অভিযানে এসব জাল উদ্ধার ও ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য বিভাগ, পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বুড়িভদ্রা নদীর বিভিন্ন স্থানে বাঁশ পুঁতে অবৈধভাবে নেট জাল বসিয়ে মাছ ধরা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কচুরিপানা ও ভাসমান আবর্জনা আটকে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বিশেষ অভিযান চালিয়ে নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। পরে আলতাপোল চারমাথা ব্রিজের ওপর স্থানীয় জনগণের উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপস্থিত এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান। স্থানীয়দের মতে, ভবদহ অঞ্চলে চলমান নদী পুনঃখনন কার্যক্রমের সুফল ধরে রাখতে নদীতে অবৈধ নেট জাল, বাঁশের প্রতিবন্ধকতা ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ অত্যন্ত জরুরি। তা না হলে কোটি কোটি টাকা ব্যয়ে পরিচালিত নদী পুনঃখনন প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, “মৎস্য সংরক্ষণ আইন ও বিদ্যমান বিধিমালা অনুযায়ী নদীতে অবৈধভাবে নেট জাল স্থাপন করে মাছ শিকার এবং পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে অবৈধ জাল উদ্ধার ও জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং অবৈধ মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহলের দাবি, বর্ষা মৌসুমে বুড়িভদ্রা নদীসহ ভবদহ অঞ্চলের নদ-নদীতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হলে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে এবং অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সরকারের চলমান উদ্যোগ আরও কার্যকর হবে।























