যশোরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
৩৫ জন পুরস্কৃত, ৬ জনকে বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) পূর্ববর্তী কল্যাণ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের উপস্থাপিত বিভিন্ন আবেদন তুলে ধরেন। পরবর্তীতে উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের সার্বিক সুবিধা-অসুবিধা ও প্রস্তাবনা পুলিশ সুপার মহোদয়ের কাছে উপস্থাপন করেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু বিষয়ের সমাধান দেন।
সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৩৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এছাড়া যশোর জেলা পুলিশ থেকে অবসরজনিত (পিআরএল) ছুটিতে যাওয়া ৬ জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামের সঞ্চালনায় কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেল কর্মকর্তাগণ, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারবৃন্দ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, পুলিশ লাইন্সের আরআই, ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, টিআই (প্রশাসন) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ।























