মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে, ছাড় পাবে না পুলিশও: খুলনা রেঞ্জ ডিআইজি
নিজস্ব প্রতিবেদক
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শুধু মাদক কারবারি বা ক্যারিয়ার নয়, এর পেছনের গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তাদের সম্পদ ও আয়ের উৎস অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের কোনো সদস্য মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত থাকলে বা মাদক ব্যবসায়ীদের শেল্টার দিলে তাকেও ছাড় দেওয়া হবে না।
বুধবার যশোর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিআইজি মোস্তাফিজুর রহমান।
রেঞ্জ ডিআইজি জানান, সকল পুলিশ সদস্যকে ডোপ টেস্ট করা হবে এবং মাদকের সঙ্গে সম্পৃক্ততা ধরা পড়লে তার চাকরি চলে যাবে। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। তবে শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমে মাদক প্রতিরোধই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
মতবিনিময় সভায় ডিআইজি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনার কথা তুলে ধরেন। কিশোর গ্যাং সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠছে উল্লেখ করে তিনি জানান, খুলনা বিভাগের প্রতিটি জেলায় কিশোর গ্যাং দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কিশোর অপরাধ প্রতিরোধে র্যাব ও ডিবি পুলিশ সমন্বিতভাবে কাজ করবে। নিয়মিত অভিযানের পাশাপাশি অভিভাবকদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। যুবসমাজকে অনলাইন জুয়া থেকে মুক্ত করতে প্রযুক্তিনির্ভর বিশেষ টিম গঠন করা হবে। এই দল সার্বক্ষণিক অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করে অপরাধীদের আইনের আওতায় আনবে। নারী সংক্রান্ত অপরাধ, বিশেষ করে ধর্ষণের ঘটনার ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী যে দল বা মতেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।ছোট কিংবা বড় যেকোনো চুরির ঘটনাকে গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের সম্পত্তির মূল্য যাই হোক না কেন, জনগণের নিরাপত্তা ও সেবাই প্রধান বিষয়। ফ্যাসিস্ট কোনো গ্রুপ যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। দল-মত নির্বিশেষে সবার কাছে নিরপেক্ষভাবে পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইজি জানান, পুলিশের লজিস্টিক সাপোর্ট ও ম্যানপাওয়ার নিশ্চিত করতে তিনি নিজে কাজ করবেন।
এর আগে ডিআইজি মোস্তাফিজুর রহমান যশোর পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে তিনি কার্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।
তিনি জানান, সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চলতি অর্থবছরে যশোর জেলা পুলিশ ৩ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনায় এসব গাছ রোপণ করা হবে।
মতবিনিময় সভায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, মিরাজুল ইসলাম, সাখাওয়াত হোসেন, আহসান হাবিবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরাধ নিয়ন্ত্রণে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ডিআইজি।























