বেনাপোলে ‘সাদা মাছের’ চালানে মিলল ৩৬০ কেজি ভারতীয় ইলিশ: কাস্টমসের জব্দ
নিজস্ব প্রতিবেদক
বেনাপোল স্থলবন্দর দিয়ে ‘সাদা মাছ’ ঘোষণার আড়ালে আনা ঘোষণা-বহির্ভূত ১২ কার্টন (প্রায় ৩৬০ কেজি) ভারতীয় ইলিশ মাছ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। অনিয়ম প্রমাণিত হওয়ায় জব্দকৃত মাছগুলো বিধি অনুযায়ী উন্মুক্ত নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছে।
কাস্টমস ও পোর্ট সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই (বুধবার) ভারত থেকে ‘স্বর্ণালী এন্টারপ্রাইজ’ নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) এবং ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) ওজনের সামুদ্রিক সাদা মাছের চালান আমদানি করে (কার্গো মেনিফেস্ট নম্বর: ৪৪৬৮৯)। এই চালানটির শুল্কায়ন কার্যক্রম ও খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ‘সাউন্ড শিপিং লাইনস লিমিটেড’।
বেনাপোল কাস্টমসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম জানান, পণ্য চালানটি খালাসের পূর্বে রাজস্ব কর্মকর্তা ও কায়িক পরীক্ষকদের উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়। এ সময় ঘোষিত সাদা মাছের ভেতরে কারসাজি করে রাখা ১২টি কার্টনে মোট ৩৬০ কেজি ভারতীয় ইলিশ মাছের উপস্থিতি সনাক্ত করা হয়। মিথ্যা ঘোষণার মাধ্যমে কাস্টমস আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সাথে সাথেই উক্ত ইলিশ মাছগুলো জব্দ করে কাস্টমস হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পচনশীল পণ্য হওয়ায় জব্দকৃত মাছগুলো কাস্টমস আইন ও বিধি মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে নিলামে তোলার প্রক্রিয়া চলছে।
এদিকে বন্দর এলাকায় অসাধু আমদানিকারকদের এমন জালিয়াতি ও অসদুপায় অবলম্বন বন্ধে কাস্টমস কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। একই সাথে এ ধরনের ঘটনার সাথে জড়িত আমদানিকারক ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি তোলেন তারা।
মিথ্যা ঘোষণায় ইলিশ আমদানির চেষ্টা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়ে বক্তব্য জানতে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।























