কার্ড বিতরণের মাধ্যমে বেকারত্ব উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
সরকার উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ড বিতরণের নামে ঘরে ঘরে বেকারত্বকে উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি। দেশকে এগিয়ে নিতে এনসিপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীরের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।
রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে একটি সুষম রাষ্ট্র গঠন করা কখনোই সম্ভব নয়। তাই সমাজের সব বাধা-বিপত্তি উপেক্ষা করে নারীদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পথসভায় এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গণভোটের মাধ্যমে দ্রুত রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ডা. মাহমুদা মিতু এমপি, আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং যশোর জেলা সমন্বয়কারী মোঃ নুরুজ্জামানসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























