‘মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, দলের লোক হলেও ছাড় নেই’: প্রতিমন্ত্রী অমিত
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকার কোনো ব্যক্তিবিশেষের জন্য নয়, বরং সমগ্র দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। জনগণের পবিত্র আমানতের খেয়ানত না করে তাঁদের প্রাপ্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এই সরকারের মূল লক্ষ্য।
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন আয়োজিত সেবা ও উন্নয়নমূলক বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতীতে অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে জনগণের অর্থ লোপাটের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জনগণ দীর্ঘ আন্দোলন ও ভোটের মাধ্যমে এ সরকারকে নির্বাচিত করেছে। তাই সরকারের অর্থ নয়ছয় করার কোনো সুযোগ নেই। বিএনপি কখনো উন্নয়নে বৈষম্য কিংবা রাজনৈতিক-ধর্মীয় পরিচয় বিবেচনা করে না।
তিনি উদাহরণ টেনে বলেন, তাঁর ব্যক্তিগত অনুদানের একটি অংশ কারবালা কবরস্থানে এবং অপর অংশটি নীলগঞ্জ মহাশ্মশানে দেওয়া হয়েছে। পাশাপাশি কার্ড বিতরণে প্রভাবশালীদের স্বজনপ্রীতি বন্ধের তাগিদ দিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সব যোগ্য ও প্রকৃত নাগরিক ফ্যামিলি বা পারিবারিক কার্ড পাবেন।
যশোরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে অনিন্দ্য ইসলাম অমিত প্রশাসনকে স্পষ্ট বার্তা দেন, তারেক রহমানের প্রধান নির্বাচনী অঙ্গীকার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা। যশোরকে মাদকমুক্ত করতে রাজনৈতিক বা সামাজিক শক্তিমত্তা বিবেচনা করা হবে না; সে যদি আমার নিজ দলের লোকও হয়, তবুও ছাড় দেওয়া হবে না। এই লড়াইয়ে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নতুন ঠিকানা খুঁজে নিতে হবে।
অনুষ্ঠান থেকে প্রতিমন্ত্রী যশোর সদরের প্রতিটি স্কুল ও কলেজে পর্যায়ক্রমে কম্পিউটার ল্যাব আধুনিকায়ন এবং পাঠাগারে নতুন বই সংগ্রহের জন্য পর্যাপ্ত অর্থসহায়তার ঘোষণা দেন। এছাড়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান থেকে তিনি বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানে সরকারি অনুদান হস্তান্তর করেন।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে ১০০টি ফ্যান, ১০টি ট্রলি ও ১০টি হুইলচেয়ার।প্রতিবন্ধী কেন্দ্রে ১০টি হুইলচেয়ার। ৮টি স্কুলে কম্পিউটার ল্যাবের জন্য ল্যাপটপ, প্রিন্টার ও ফটোকপি মেশিনসহ ডিজিটাল ডিভাইস। ১৭৫ জনকে নগদ ৪ হাজার টাকা করে, ১০ জনকে গৃহনির্মাণ চেক, ৫০ জন দরিদ্রকে খাদ্যসামগ্রী, ৩ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ১ লাখ ২৫ হাজার টাকা করে ঋণ এবং ৬ জন কৃষি উদ্যোক্তাকে প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। পরে মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ী স্টল ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে স্টল মালিকদের অনুরোধে প্রতিমন্ত্রী বৃক্ষমেলার মেয়াদ আরও ২ দিন বৃদ্ধি করেন।
পৃথক দুটি কর্মসূচিতে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এবং বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডলসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























