সমাজসেবার নিয়ম ভেঙে যশোরে নলকূপ ব্যবসায়ী সমিতির অবৈধ নির্বাচন!
নিজস্ব প্রতিবেদক
সমাজসেবা অধিদপ্তরের বিধিসম্মত অনুমতি ও তদারকি ছাড়াই যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার অভিযোগ উঠেছে। নিবন্ধিত সংগঠন হওয়া সত্ত্বেও নিজস্ব নিয়ম-নীতি তোয়াক্কা না করে গঠিত একটি কমিটির অধীনে গত শুক্রবার (২৪ জুলাই) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমাজসেবা কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন এ ধরনের নির্বাচন সম্পূর্ণ বেআইনি ও গঠনতন্ত্রবিরোধী।
জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, সমাজসেবা অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত যেকোনো সামাজিক বা পেশাজীবী সংগঠনের সাধারণ মেয়াদ শেষে নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। কোনো নিবন্ধিত সংগঠনের মেয়াদের পর নির্বাচন আয়োজনের জন্য সমাজসেবা অধিদপ্তরের কাছে লিখিত আবেদন করতে হয়। অধিদপ্তর থেকে একজন প্রতিনিধি বা প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয় এবং সমাজসেবার কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা কমিটি ও এডহক কমিটি গঠিত হয়। কোনো কারণে সংগঠন নিষ্ক্রিয় হলে বা নিয়ম ভাঙলে অধিদপ্তরের আইন (৯/১ ধারা) অনুযায়ী তা ভেঙে দিয়ে এডহক কমিটি করার এখতিয়ার রয়েছে অধিদপ্তরের।
তবে যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতির ক্ষেত্রে সরকারি এই বাধ্যবাধকতার তোয়াক্কা করা হয়নি। ২০২২ সালে ‘১৬৮৮/২২’ নম্বরে নিবন্ধিত এ সংগঠনটি নিজেদের মতো করে তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ভোট আয়োজন করে। এতে সভাপতি পদে সিরাজ মোল্যা ও সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দীন বিজয়ী হন।
নাম প্রকাশ না করার শর্তে সমিতির একাধিক সাধারণ সদস্য বলেন, আমরা জানি নিবন্ধিত কোনো সমিতির নির্বাচন করতে গেলে সমাজসেবা কার্যালয়ের অনুমতি ও কর্মকর্তা লাগে। কিন্তু কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলে পুরো নিয়ম না মেনে ভোট শেষ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোস্তাক হোসেন শিম্বার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দায় এড়িয়ে বলেন, আমি একাই প্রধান ছিলাম না, আমরা তিনজন মিলে ভোট করিয়েছি। সমাজসেবাকে চিঠি দেওয়া হয়েছিল কি না, তা বিদায়ী কমিটি বলতে পারবে।
এদিকে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মঈনুদ্দীন বাবলু সমাজসেবার লিখিত অনুমতি ছিল বলে দাবি করেন।
এ বিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মোঃ আব্দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই সংগঠনটির কার্যক্রম বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয় ছিল। শুনানির জন্য আমরা চিঠি পাঠালেও তারা কোনো জবাব দেয়নি।
তিনি আরও বলেন, আমাদের না জানিয়ে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সে বিষয়ে অধিদপ্তর কিছুই জানে না। সমাজসেবা দপ্তরের কর্মকর্তা ও তদারকি ছাড়া নিজেদের মতো নির্বাচন করার কোনো সুযোগ গঠনতন্ত্রে নেই। এই ভোটগ্রহণ ও তথাকথিত কমিটি সম্পূর্ণ অবৈধ।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল কবিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।























