যশোরে এক বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে শাহাদৎ হোসেন (৪১) নামের এক কথিত অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক শাহাদৎ হোসেন ওই এলাকার বাসিন্দা।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্সের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শাহাদৎ হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে তল্লাশি চালিয়ে সামনে উপুড় করে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাদৎ দাবি করেছেন, উদ্ধার হওয়া পিস্তলটি ভারত থেকে সীমান্ত পার করে আনা হয়েছে।
র্যাবের কর্মকর্তারা জানান, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। এছাড়া শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানায় গোপনে দেশীয় কোনো অস্ত্র তৈরি করা হতো কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।























