ফেসবুকে ‘শেখের বেটি আসতেছে’ মন্তব্য: যশোরে যুবককে হাতুড়িপেটা
নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে যশোর সদর উপজেলার সাত মাইল বাজারে শামীম হোসেন (২৬) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের উপর।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে সাত মাইল বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত শামীম হোসেন সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দোহার পাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শেখের বেটি আসতেছে’ লিখে একটি মন্তব্য (কমেন্ট) করার জের ধরে শামীমের ওপর ক্ষিপ্ত হয় স্থানীয় একদল লোক। রোববার দুপুরে সাত মাইল বাজারে মথুরাপুর গ্রামের সাবলু (৩২), মানিকদিহ গ্রামের শরিফ (৩০) ও সাত মাইল বাজারের সাজ্জাদ (৩৫)-এর নেতৃত্বে ১০-১৫ জন অতর্কিত শামীমের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তাঁর মাথায় জখম থাকলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনসহ হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।























