স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারি আরো সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং যৌথ অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাপানি ভাষায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ থেকে অধিক হারে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগের জন্য জাপান সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ সহজতর করতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও নতুন শিল্প পার্ক প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের শুভ উদ্বোধন, রাজধানীজুড়ে চলমান মেট্রোরেল (এমআরটি) প্রকল্পের অগ্রগতি এবং দুই দেশের দীর্ঘমেয়াদি অবকাঠামোগত সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।

Reporter Name 





















