স্বাধীন কন্ঠ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার ৭৫ দিন পার হলেও অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ‘নারী নিরাপত্তা মঞ্চ’। একই সঙ্গে সংগঠনটির উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব ক্ষোভ ও দাবি তুলে ধরা হয়। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবীর সঞ্চালনায় এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংহতি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ঘটনার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তকে শনাক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অপরাধী চিহ্নিত না হওয়ায় এ সময়ের মধ্যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের সঙ্গে আরও একাধিক হয়রানি ও নিপীড়নের ঘটনা ঘটেছে, যা সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুমা ডুমরী বলেন, ঘটনার পর নারী নিরাপত্তা মঞ্চের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৬ দফা দাবি তুলে ধরা হয়েছিল। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত প্রশাসন একটি দাবিও বাস্তবায়ন করেনি।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাযিহা বিনতে শামসুদ্দিন নিরাপত্তা ব্যবস্থাকে ‘কাঠামোগত সমস্যা’ হিসেবে উল্লেখ করে বলেন, কার্যকর সংস্কারের বদলে প্রশাসন পুরো ক্যাম্পাসে অপরিকল্পিতভাবে কাঁটাতারের বেড়া স্থাপনের মতো সীমিত পদক্ষেপ নিয়ে দায় সারছে। অতীতে সিসিটিভি ক্যামেরা বসানো হলেও অপরাধ কমেনি, কারণ নিরাপত্তার মূল জায়গায় কাজ করা হচ্ছে না।
সমাবেশ থেকে নারী নিরাপত্তা মঞ্চের নেতারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার, পূর্ববর্তী ধর্ষণ ও নিপীড়নের বিচার, দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহির দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার হুশিয়ারি দেন তারা।

Reporter Name 
























