নিজস্ব প্রতিবেদক
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ডাস্টবিনের পাশে খাবার প্রস্তুত এবং ফ্রিজে বাসি দই সংরক্ষণের দায়ে যশোরের জনপ্রিয় মিষ্টির দোকান ‘আসিফ সুইটস’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের ই-ব্লক কলাবাগান এলাকায় অবস্থিত আসিফ সুইটসের কারখানায় প্রথমে অভিযান চালানো হয়। সেখানে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, চরম নোংরা পরিবেশ, চারদিকে মাছি ও ডাস্টবিনের ঠিক পাশেই মিষ্টি তৈরির প্রমাণ পান কর্মকর্তারা।
পরবর্তীতে উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠানটির বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। সেখানে ফ্রিজে বাসি দই ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রেখে বিক্রির সত্যতা মেলে।
বিষয়টি নিশ্চিত করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যশোর জেলা কর্মকর্তা আব্দুর রহমান জানান, এসব মারাত্মক অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানা ও বিক্রয়কেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
অভিযানে যশোর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানসহ স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Reporter Name 



















