স্বাধীন কন্ঠ ডেস্ক
অনিয়ম-ত্রুটি দূর করে একটি সুন্দর ও উন্নত দেশ গঠনে প্রতিটি নাগরিককে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের দায়িত্ব পালন না করলে ২০ কোটি মানুষের দেশে শুধু সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নারী ও শিশু সুরক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ সংক্রান্ত আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপের পাশাপাশি জাতীয় পর্যায়েও অত্যন্ত কঠোর আইন প্রণয়ন করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসা সেবার অগ্রগতির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন করা হয়েছে এবং এর শয্যাসংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৬৭০-এ উন্নীত করা হয়েছে। হাসপাতালের বর্তমান সীমাবদ্ধতাগুলো আমরা চিহ্নিত করেছি এবং দ্রুতই সেগুলোর টেকসই সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৈদেশিক সহায়তা ও উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে তিনি আরও জানান, চীনের সহায়তায় যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে চীন সফরে গেছে। সফর শেষ করে দেশে ফিরেই তারা সরাসরি ঠাকুরগাঁওয়ে আসবে।
হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Reporter Name 





















