স্বাধীন কন্ঠ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। এটি দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজস্ব কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইওএম-এর সঙ্গে বাংলাদেশের দুই দশকের দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদার, জাতীয় মানবপাচারবিরোধী প্রচেষ্টা শক্তিশালীকরণ, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার রোধ এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বিকাশ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।
বৈঠকে আইওএম মিশনপ্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। সফরকালে আগামী ৪ আগস্ট ঢাকার ‘ইউএন হাউজ’-এ আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
আলোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ কৌশলের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা এবং নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে আইওএম-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং আইওএম-এর ন্যাশনাল কনসালটেন্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদ উপস্থিত ছিলেন।

Reporter Name 





















