উৎসবমুখর পরিবেশে যশোরে মাছরাঙা টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যশোরে উদযাপিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিল, দৈনিক লোকসংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এবং ডিবিসি নিউজের যশোর স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মাছরাঙা টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা ও নিরপেক্ষ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আগামী দিনেও দর্শকদের ভালোবাসা ও আস্থা বজায় রেখে প্রতিষ্ঠানটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।























