নকল ও ভেজাল কৃষি উপকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি: যশোরে গোলটেবিল বৈঠক
নিজস্ব প্রতিবেদক
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের স্বার্থ সুরক্ষায় নকল ও ভেজাল কৃষি উপকরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় যশোর জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত “নকল ও ভেজালকে না” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।
বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)-এর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে এবং যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনিবিলিটি বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ। তিনি তাঁর প্রবন্ধে নকল ও ভেজাল কীটনাশক ও সারের কারণে ফসলের ক্ষতি এবং মাটির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ঝুঁকির বৈজ্ঞানিক দিকগুলো তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস বলেন, “নকল ও ভেজাল কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খল বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কৃষকদের প্রতারিত করে যারা ফায়দা লুটছে, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি আওতায় আনা হবে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোঃ মোশাররফ হোসেন জানান, মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান ইতিমধ্যে জোরদার করা হয়েছে। সঠিক উপকরণ নির্বাচনে কৃষকদের সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
উন্মুক্ত প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন যশোর কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) কিশোর কুমার সাহা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু এবং যশোর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল কাদের।
এছাড়া তৃণমূলের অভিজ্ঞতা তুলে ধরেন ইছালী গ্রামের কৃষক মো. রইচ উদ্দিন এবং রিটেইলার ইমরান হোসেন। কৃষকরা গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি ভেজাল কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভাপতির বক্তব্যে মেহেদী হাসান বলেন, “কৃষি ও কৃষকের সুরক্ষায় গণমাধ্যম সবসময় সোচ্চার। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক নজরদারি নিশ্চিত করতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।”
বেলা ১টায় সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে গোলটেবিল বৈঠকটির সফল সমাপ্তি ঘটে।























