যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খান আহত
নিজস্ব প্রতিবেদক
যশোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সাবেক সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খান (৩০)।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে যশোর শহরের নিউ মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত রাশেদ খান যশোর সদর উপজেলার ধর্মতলা কদমতলার মোড় এলাকার আবু তাহেরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রাশেদ মোটরসাইকেল নিয়ে শহর থেকে মনিহারের দিকে যাচ্ছিলেন। পথে নিউ মার্কেট এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তাঁর পা-সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।
ঘটনার পরপরই নিউ মার্কেট এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মিলটন তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত রাশেদ খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।























