যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ৩ শতাধিক গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ছড়িয়ে দিতে যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সারাফাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কালচারাল শিক্ষক মুজাহিদুল ইসলাম। এ সময় যশোর শাখার নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মান্যগণ্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছের চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে প্রতিষ্ঠানটির এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শুধু পাঠ্যপুস্তকভিত্তিক প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ নয়; বরং নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন সৃজনশীল ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতে দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয় প্রকাশ করেন তিনি।
বক্তারা বলেন, আধুনিক, মানসম্মত ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে যশোরে আস্থার জায়গা করে নিয়েছে।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে ৩ শতাধিক চারাগাছ তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় গাছ রোপণ ও সঠিক পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই কর্মসূচি সম্পন্ন হয়।























