দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’, লিস্টিংয়ে আড়াই লাখের বেশি নৌযান
নিজস্ব প্রতিবেদক
দেশের নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত রূপ দিতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬’। এরই অংশ হিসেবে প্রাথমিক লিস্টিং ও ম্যাপিং কার্যক্রমে দেশব্যাপী ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে।
আগামী ২০ থেকে ২৯ আগস্ট সারাদেশে শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে পরিচালিত এই শুমারির মাধ্যমে দেশে চলাচলকারী নৌযানের সঠিক সংখ্যা, ধরন, মালিকানা, অবস্থান এবং সংশ্লিষ্ট শ্রমিক ও নাবিকদের বিস্তারিত তথ্য নিয়ে একটি সমন্বিত জাতীয় ডাটাবেস তৈরি করা হবে।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় শুমারির সার্বিক দিক ও লক্ষ্য তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আবুল হোসেন।
এই শুমারির আওতায় সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান, ডাম্ব বার্জ ও স্পিডবোট অন্তর্ভুক্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা জানান, একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হলে নৌনিরাপত্তা জোরদার, দুর্ঘটনা প্রতিরোধ, নাবিকদের যথাযথ প্রশিক্ষণ, নৌযান ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ সহজ হবে। এছাড়া যেকোনো নৌদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নৌযান, মালিক, শ্রমিক ও যাত্রীদের দ্রুত শনাক্ত করে সরকারি সহায়তা পৌঁছানো সম্ভব হবে।
উক্ত অবহিতকরণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আসিফ উদ্দীন, নোয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই রনজিত কুমার সেন, বাংলাদেশ স্কাউটস যশোরের সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম এবং দৈনিক সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এজাজ উদ্দিন টিপুসহ জেলা প্রশাসন, পরিসংখ্যান ব্যুরো, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।























