যশোরে ২৭৯১ জন শিক্ষক-কর্মচারীর মাঝে ৮৭ কোটি টাকার অবসর ও কল্যাণ সুবিধা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
যশোরে ২ হাজার ৭৯১ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীর মাঝে অবসর ও কল্যাণ সুবিধা বাবদ মোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে দেশব্যাপী ভার্চুয়ালি যুক্ত হয়ে যুগান্তকারী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে জানানো হয়, কল্যাণ তহবিল থেকে ১ হাজার ৮২৫ জন শিক্ষক-কর্মচারীর অনুকূলে মোট ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়, যেখানে সুবিধাভোগীপ্রতি গড় বরাদ্দের পরিমাণ ছিল ২ লাখ ৩৯ হাজার টাকা। অন্যদিকে, অবসর তহবিল থেকে ৯৬৬ জন শিক্ষক-কর্মচারীকে প্রদান করা হয় মোট ৪৩ কোটি ৪৭ লাখ টাকা; এ খাতে সুবিধাভোগীপ্রতি গড় বরাদ্দের পরিমাণ ছিল ৪ লাখ ৫০ হাজার টাকা।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন,জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন প্রমুখ।
দীর্ঘদিন প্রতিক্ষীত অবসর ও কল্যাণ সুবিধার এই বকেয়া অর্থ হাতে পেয়ে উপস্থিত শিক্ষক-কর্মচারীরা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।























