যবিপ্রবি অধ্যাপকের ন্যানোপ্রযুক্তি নিয়ে পূর্ণাঙ্গ বাংলা বই ‘ন্যানোপ্রযুক্তি: সহজ ধারণা ও বাস্তব ব্যবহার’
নিজস্ব প্রতিবেদক
ন্যানোপ্রযুক্তির ইতিহাস, গঠন, বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ এবং নানা বৈজ্ঞানিক তথ্য নিয়ে সহজ ও প্রাঞ্জল ভাষায় একটি পূর্ণাঙ্গ বই লিখেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মো. জাভেদ হোসেন খান। সম্প্রতি প্রকাশিত বইটির নাম রাখা হয়েছে ‘ন্যানোপ্রযুক্তি: সহজ ধারণা ও বাস্তব ব্যবহার’।
বইটিতে জটিল সব বৈজ্ঞানিক তথ্য ও ন্যানোস্ট্রাকচার অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। ন্যানোর মৌলিক ধারণা ও ইতিহাস থেকে শুরু করে চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ এবং শিল্পখাতে ন্যানোপ্রযুক্তির বিস্ময়কর ব্যবহার নিয়ে এতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের ন্যানোপার্টিকেল, এগুলোর গঠনপ্রণালি এবং তৈরির কৌশল সম্পর্কেও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে বইটিতে।
বইটি প্রসঙ্গে লেখক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন, আমাদের দেশে ন্যানোপ্রযুক্তি নিয়ে গবেষণা হলেও বাংলা ভাষায় এ বিষয়ে সহজবোধ্য বইয়ের সংখ্যা খুবই সীমিত। ন্যানোপ্রযুক্তি নিয়ে সাধারণ পাঠকের মধ্যে আগ্রহ তৈরি করা এবং জটিল বৈজ্ঞানিক বিষয়গুলো সহজ বাংলায় তুলে ধরার লক্ষ্যেই বইটি লেখা হয়েছে। এটি তরুণদের ন্যানোপ্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং যেকোনো বিজ্ঞানমনস্ক পাঠকের জন্য বইটি অত্যন্ত উপযোগী। বিশেষ অফারে ডাকযোগে ডেলিভারি চার্জসহ বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। এছাড়া বইটি সরাসরি সংগ্রহ করতে যবিপ্রবির ‘ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ল্যাবে’ (নেম ল্যাব) যোগাযোগ করার সুযোগ রয়েছে।























