যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ বিজিবির হাতে পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৭৭ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত পাচারকারীর নাম ওসমান গনি (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ওসমান গনির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় দুইটি স্বর্ণের বার, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজারমূল্য ধরা হয়েছে ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান, তিনি এই স্বর্ণ ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।























