যশোরে স্বর্ণের বারসহ আটক এক
নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩৯৭ দশমিক ৮৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল দৌলতপুর বালুর মাঠ পোস্ট সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সুজন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ২১ বিজিবি-এর সুবেদার মো. সলিমুল্লাহ মুন্সীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৬৭ হাজার ৬৭০ টাকা। এ সময় চোরাচাল কাজে ব্যবহৃত প্রায় ২ লাখ ৭১ হাজার টাকা মূল্যের একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। বিজিবির হিসাবমতে, উদ্ধারকৃত মালামালের সর্বমোট জব্দমূল্য প্রায় ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, আটক ব্যক্তি, মোটরসাইকেল ও মোবাইল ফোন বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমা দেওয়ার আইনি কার্যক্রম চলমান রয়েছে।























