অবসর ও কল্যাণের টাকা পেয়ে যশোরে শিক্ষক-কর্মচারীদের আনন্দ র্যালি
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের পাওনা টাকা বিতরণ করায় আনন্দ র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
সমাবেশে প্রধান অতিথি বলেন, বিগত সরকারের আমলে শিক্ষকদের জমানো হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। যার ফলে অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে দেশের ৭০ হাজারেরও বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর জমানো অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোরের ২ হাজার ৭৯১ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীকে সর্বমোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। অতীতে নিজের জমানো টাকা পেতে বৃদ্ধ বয়সে শিক্ষক সমাজকে দ্বারে দ্বারে ঘুরতে ও ঘুষ দুর্নীতির শিকার হতে হলেও বর্তমান সরকার কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি ব্যাংকের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেছে।
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা ফায়সাল রশীদ পান্নু, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা শিক্ষক সমিতির সভাপতি রাজিব মাহমুদসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় গিয়ে শেষ হয়।























