ওয়াজ-মাহফিলে কোরআন-হাদিসের আলোকে বক্তব্য দেওয়ার আহ্বান এমপি গোলাম রসুলের
নিজস্ব প্রতিবেদক
মানুষের কাছে ইসলামের প্রকৃত বাণী ও সঠিক বার্তা পৌঁছাতে কোনো নির্দিষ্ট দলের নাম না নিয়ে কোরআন ও হাদিসের নীতি-নৈতিকতার আলোকে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
শনিবার যশোর আল-হেলাল ট্রাস্টে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন যশোর জেলা শাখা আয়োজিত ‘মুফাসসির সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, ওয়াজ-মাহফিলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হাজার হাজার মানুষ উপস্থিত থাকেন। বক্তব্য দেওয়ার সময় কোনো রাজনৈতিক দলের নাম ধরে সমালোচনা করা হলে অন্য মতের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যা মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে। তাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কোরআন, হাদিস, ইতিহাস ও নীতি-নৈতিকতার আলোকে মানুষের কাছে সত্যের বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও দলীয়করণের কারণে সব শ্রেণি-পেশার মানুষ আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে যোগ্যতা, সততা ও দক্ষতার ভিত্তিতে সমাজে ন্যায়বিচার ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে দেশের সংবিধান সংস্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, জনগণের মতামতের ভিত্তিতে মৌলিক সংস্কার করা হলে ভবিষ্যতে তা সংশোধনের ক্ষেত্রেও জনগণের মতামতের প্রতিফলন থাকা প্রয়োজন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন যশোর জেলা শাখার ২০২৬-২৭ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
নতুন নির্বাহী কমিটি (২০২৬-২৭) এর সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল-মাহমুদ সহ-সভাপতি মাওলানা সেলিম জাহাঙ্গীর, মাওলানা হাসান আল মামুন লাল ও হাফেজ মাওলানা মেহেদী হাসান সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান, সহ-সম্পাদক মাওলানা ইনামুল হাসান বিন নূর, মাওলানা সাইফুচ্ছাহ বিন কুরবান ও মাওলানা আব্দুল হাই সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা তৌহিদুর রহমান (সহ-সাংগঠনিক মাওলানা আব্দুল্লাহ আল মামুন)
সম্পাদকমণ্ডলীর অন্যান্য পদে মাওলানা মোল্লা আনোয়ার হুসাইন (অফিস), শিল্পী কবির বিন সামাদ (সাংস্কৃতিক), মাওলানা ওবায়দুল্লাহ (অর্থ), মাওলানা রবিউল ইসলাম বেলালি (প্রচার), হাফেজ মাওলানা আবু বক্কর গিফারি (দাওয়াহ), মাওলানা জাহাঙ্গীর আলম শামসুদ্দিন (শিক্ষা ও প্রশিক্ষণ), মাওলানা ওয়ালি উল্লাহ বরকতি (সমাজকল্যাণ), মাওলানা তরিকুল ইসলাম (সাহিত্য), মাওলানা আব্দুল হাই (আইটি), মাওলানা নূরুল ইসলাম আজাদি (পাঠাগার) এবং মাওলানা জিয়াউর রহমান ফারুকী (প্রকাশনা)।
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল-মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকি রহমান।























