যশোরে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক
দরিদ্র ও আত্মকর্মসংস্থানে ইচ্ছুক নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে যশোরের আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ১৫ জন অসহায় মহিলার হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
আঞ্জুমান মুফিদুল ইসলাম যশোর জেলা শাখার চেয়ারম্যান শেখ গোলাম ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান।
সংস্থার সাধারণ সম্পাদক ডক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম যশোর জেলা শাখার ভাইস চেয়ারম্যান জহুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক আবু শাহ রিয়াদ মিতুল, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল এবং সংস্থার সদস্য আরমান, আব্দুল মালেক, আমীর হোসেন, হাসমত আলী, শামীম হোসেন দুতি ও আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের আর্থিক স্বাধীনতা অর্জনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সেলাই মেশিন হস্তান্তরের ফলে পরিবারগুলোতে স্থায়ী উপার্জনের পথ সুগম হবে। সভাপতির বক্তব্যে শেখ গোলাম ফারুখ আঞ্জুমান মুফিদুল ইসলামের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।























