যশোরে জাঁকজমকপূর্ণ র্যালির মাধ্যমে নৌযান শুমারি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নৌযান শুমারি-২০২৬’। জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার (২৩ আগস্ট) সকালে শহরের প্রধান সড়কে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আবুল হোসেন,যশোর সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা নীলা প্রিয়া ময়ূরসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া এই শুমারি কার্যক্রম চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের অভ্যন্তরীণ, উপকূলীয় ও সমুদ্রগামী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানের একটি বস্তুনিষ্ঠ ও আধুনিক তথ্যভাণ্ডার তৈরি করাই এই শুমারির মূল উদ্দেশ্য। এই পরিসংখ্যান ভবিষ্যতে দেশের নৌপরিবহন খাতের টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।























