যশোরে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে অভিযান চালিয়ে ‘তানসীপ ট্রেডার্স’ নামের একটি শিশু খাদ্যপণ্য ডিলার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) পুলেরহাট বাজার এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি এবং অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের তিনটি পৃথক ধারায় জরিমানা করা হয়। যার মধ্যে রয়েছে, ৪৩ ধারা (মোড়ক সংক্রান্ত অনিয়ম) ৫০ হাজার টাকা, ৩৭ ধারা (মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি) ২৫ হাজার টাকা ও ৫১ ধারা (অনুমোদিত প্রক্রিয়া ব্যতীত খাদ্য উৎপাদন) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কর্মকর্তারা বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের পণ্যের সঠিক মোড়ক ও লেবেল ব্যবহার, নিয়মিত পণ্যের মেয়াদ যাচাই এবং নিয়ম মেনে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।























