তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “বর্তমান আধুনিক বিশ্বে আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক এবং দ্বিতীয়টি ঈমান রক্ষার। সাধারণ শিক্ষার মাধ্যমে দুনিয়াবি সমৃদ্ধি অর্জিত হলেও আখেরাতের প্রাপ্তিতে বড় ঘাটতি থেকে যায়। আল্লাহ আমাদের শ্রেষ্ঠ মাখলুক হিসেবে পাঠিয়েছেন; তাই আমাদের লক্ষ্য শুধু দুনিয়ায় ভালোভাবে চলা নয়, বরং আখেরাতকে সামনে রেখে জীবন পরিচালনা করা।” একই সাথে সন্তানদের সুনাগরিক ও দ্বীনদার হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের যশোর শাখাসমূহের তত্ত্বাবধায়ক ও খুলনা জোনাল ইনচার্জ হাফেজ মাওলানা অধ্যক্ষ আ. খ. ম মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ। এতে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম. এম. রবিউল ইসলাম।
শাখা প্রধান শাহীন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী মোস্তফা আল মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর আবাসিক শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আজমল হোসাইন, আলিয়া শাখার প্রধান আসাদুজ্জামান, প্রি-হিফয শাখার প্রধান সৈয়দ সাইফুর রহমান ও উপশহর শাখা প্রধান মাহমুদুল হাসানসহ স্থানীয় বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান, হামদ-নাত, নাটিকা এবং আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় চমকপ্রদ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। পরবর্তীতে শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামানের সংগীত পরিবেশনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী খুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।























