যশোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির নগদ অর্থ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, কর্মসংস্থান ও স্বাবলম্বী করার বিকল্প নেই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে এবং নারীরা যেন নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, গ্রামীণ উন্নয়ন ও স্বনির্ভরতার মূল ভিত্তি তৈরি হয়েছিল তৎকালীন সময়েই। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, উপবৃত্তি ও ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচির ইতিবাচক প্রভাব স্মরণ করে তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও পিছিয়ে থাকা সব জনগোষ্ঠীর কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিতরণ করা সেলাই মেশিনের মাধ্যমে প্রান্তিক নারীদের আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং বাইসাইকেল পাওয়ার ফলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।























