যশোরে ২০০ পরিবারের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
“এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ”—এই স্লোগানকে সামনে রেখে যশোরে ২০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, যশোর’। শনিবার (২৯ আগস্ট) বিকেলে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পরিবারের হাতে ১০ কেজি করে মোট ২০০০ কেজি (২ টন) চাল তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
ঢাবি ফোরাম, যশোরের সভাপতি সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নিত্যপণ্যের চড়া দামের এই সময়ে সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
সহায়তা পেয়ে উপকারভোগীরা ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মসূচিতে সংগঠনের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।























