যশোরে শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুলের ২৮তম হত্যাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
যশোরের প্রথিতযশা সাংবাদিক ও দৈনিক রানার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ আরএম সাইফুল আলম মুকুলের ২৮তম হত্যাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে কালো ব্যাজ ধারণ ও স্মারক শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাকে স্মরণ করে যশোরের সাংবাদিক সমাজ।
সকাল ১১টায় শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডে মুকুলের স্মৃতিস্তম্ভে এক মিনিট নীরবতা পালন শেষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (যশোর শাখা) এবং দৈনিক গ্রামের কাগজ, রানার ও রাতদিন নিউজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে এ শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচির স্মৃতিস্তম্ভ অংশের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক জাহিদ আহমেদ লিটন।
পরবর্তীতে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব যশোরের সংকটকালীন কমিটির আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন এবং সাবেক সহ-সভাপতি নুর ইসলামসহ অন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংকটকালীন কমিটির সদস্য ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মুক্তার আলী।
একই স্থানে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং এস এম ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে শহীদ সাংবাদিকের ভাই কবিরুল আলম দিপু স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আরএম সাইফুল আলম মুকুলকে কোনো ব্যক্তিগত বা অর্থনৈতিক দ্বন্দ্বে হত্যা করা হয়নি; সত্য প্রকাশের দায়েই তাকে জীবন দিতে হয়েছে। অথচ দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও নানা জটিলতার কারণে যশোরের দুই প্রথিতযশা সাংবাদিক সাইফুল আলম মুকুল ও শামছুর রহমান কেবল হত্যার বিচার প্রক্রিয়া থমকে আছে। তারা দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে যশোর শহর থেকে নিজ পত্রিকা কার্যালয়ে ফেরার পথে দুর্বৃত্তদের বোমা ও গুলির হামলায় নির্মমভাবে নিহত হন সাংবাদিক সাইফুল আলম মুকুল। দীর্ঘ ২৭ বছর পেরিয়ে গেলেও মামলাটি বর্তমানে উচ্চ আদালতে স্থগিত অবস্থায় রয়েছে।























