যশোর আইটি পার্কের হোটেল বিতর্ক: নিরপেক্ষ তদন্তের দাবি খান প্রপার্টিজের
নিজস্ব প্রতিবেদক
যশোর আইটি পার্ক হোটেল ও সংশ্লিষ্ট স্থাপনা নিয়ে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ ও তথ্য-প্রমাণভিত্তিক তদন্ত দাবি করেছে খান প্রপার্টিজ গ্রুপ। একই সঙ্গে বর্তমান পরিচালনা কর্তৃপক্ষের সময়ের অভিযোগের দায় পূর্ববর্তী ব্যবস্থাপনার ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার দুপুরে এস বিষয় নিয়ে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছে খান প্রপার্টিজ।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিষ্ঠানটির পক্ষে তৎকালীন জনসংযোগ প্রতিনিধি শামসুজ্জামান স্বজন শুক্রবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সম্প্রতি সংবাদমাধ্যমে আইটি পার্কের হোটেলের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, স্বল্প সময়ের জন্য রুম ভাড়া, গোপনে ব্যক্তিগত ছবি-ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের মতো যেসব গুরুতর অভিযোগ উঠেছে, তার সত্যতা নির্ধারণে সরকারি কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
বিজ্ঞপ্তিতে খান প্রপার্টিজ দাবি করে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ হোটেল কার্যক্রম শুরু করার পর তাদের সময়ে আন্তর্জাতিক মানের সেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছিল। পূর্ববর্তী ব্যবস্থাপনার ৩ বছরে যেখানে মোট আয় ছিল প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা, সেখানে খান প্রপার্টিজের পরিচালনাকালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৭ কোটি ৮৮ লাখ টাকায়। এছাড়া হাইটেক পার্ক কর্তৃপক্ষের রেভিনিউ শেয়ারিং ২০ লাখ ৪০ হাজার থেকে ১ কোটি ২৬ লাখ টাকায় উন্নীত হয় এবং প্রায় ৬৯ লাখ ৮৭ হাজার টাকা ভ্যাট পরিশোধ করা হয়। একই সময়ে স্থানীয় ৯০ শতাংশ কর্মীসহ প্রায় ৭০ জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছিল।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৪ সালের আগস্টে টেক সিটি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা ভূমিকা বাতিলের পর হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতায় ২০ শতাংশ রেভিনিউ শেয়ারিং চুক্তিতে তারা সাময়িকভাবে পরিচালনা অব্যাহত রাখে। পরবর্তীতে ২০২৬ সালের ২৭ জানুয়ারি হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা ৭-১০ দিনের জন্য হোটেল থেকে সরে যেতে বললে তারা সরে যায়। কিন্তু পরবর্তীতে তাদের আর দায়িত্ব না দিয়ে অন্য একটি প্রতিষ্ঠানকে তা বুঝিয়ে দেওয়া হয়।
হুট করে কার্যক্রম বন্ধ করায় তাদের বিপুল পরিমাণ সরঞ্জাম, ডিজিটাল উপকরণ, ব্যবসায়িক নথি ও সম্পদ হোটেল প্রাঙ্গণেই রয়ে গেছে দাবি করে খান প্রপার্টিজ তা সুরক্ষা ও ফেরতের দাবি জানিয়েছে। পরিশেষে, কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বর্তমান ও পূর্ববর্তী ব্যবস্থাপনার সময়কাল আলাদা করে দায় নির্ধারণ, বর্তমান অপারেটর নির্বাচনের প্রক্রিয়া পর্যালোচনা এবং খান প্রপার্টিজের বিনিয়োগ ও ইনভেন্টরির বকেয়া পাওনা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।























