যশোর সীমান্তে বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৮১ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৫৩টি শাড়ী, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ১৯৮টি কসমেটিক্স সামগ্রী।
অভিযানের বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে এসব মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























