নানা আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, নবীন বরণ এবং বর্ষসেরা ও সাবেক সদস্যদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উদযাপিত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে কেক কাটা এবং ডিজিটাল ক্লাসরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যবিপ্রবিসাসের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একটি দেশের জন্য সাংবাদিকতা যেমন পিলারের মতো কাজ করে, তেমনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সাংবাদিক সমিতিও একটি গুরুত্বপূর্ণ পিলার। প্রশাসনের পক্ষে সবকিছু সরাসরি জানা সম্ভব নয়, তাই বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুসন্ধানের মাধ্যমে ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরার আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। উপ-উপাচার্য তাঁর বক্তব্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন। অন্যদিকে কোষাধ্যক্ষ বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে যবিপ্রবিসাস সভাপতি রুহুল আমিন বলেন, সাংবাদিক সমিতি কখনো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নয়, বরং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অগ্রগতির পাশাপাশি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে যবিপ্রবিসাসের কলম সচল থাকবে।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বর্ষসেরা সাংবাদিকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। সেখানে বর্ষসেরা প্রতিবেদক আলফাজ হোসেন আরবি (আরটিভি) ও মো. রকিবুল হাসান তারেক (ঢাকা মেইল)। বর্ষসেরা ফিচার লেখক সাব্বির রহমান রাব্বিল (দৈনিক এতদিন) ও মাহফুজুল ইসলাম (চ্যানেল আই)। বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক মো. সাব্বির আহমেদ (দ্য ডেইলি ক্যাম্পাস)। বিশেষ সম্মাননা সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়া এবং যবিপ্রবিসাসের সাবেক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তরপ্রধান এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।























