অসাধু উপায়ে রিজিক অর্জনের প্রয়োজন নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
নিজস্ব প্রতিবেদক
আল্লাহ তাআলা যে রিজিক নির্ধারণ করে রেখেছেন, তা মানুষের কাছে সঠিকভাবেই পৌঁছে যাবে; তাই অসাধু কোনো পথ অবলম্বন করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরের টাউন হল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত রাজনৈতিক সংস্কৃতির আধুনিকায়ন নিয়ে কথা বলেন। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন এক রাজনীতির চর্চা করে গেছে, যা দেখে নতুন অনেক রাজনৈতিক দল মনে করে সেটিই হয়তো রাজনীতির মূল সংস্কৃতি। তবে নতুন বন্দোবস্তের কথা বলে পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলা, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা কিংবা জ্যেষ্ঠদের অসম্মান করা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এই সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্যের সাথে যায় না এবং বিএনপিও তা ধারণ করে না।
তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে সরকারের কর্মসূচি বাস্তবায়নে সতর্ক থাকার তাগিদ দিয়ে বলেন, আমাদের মূল দায়িত্ব তারেক রহমানকে সফল করা। বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক ও কল্যাণকর কর্মসূচি যেন মাঠ পর্যায়ে সঠিকভাবে পৌঁছে, সে জন্য সবাইকে সদা সজাগ থাকতে হবে। মনে রাখবেন, যারা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা আজও পর্দার আড়ালে এক হওয়ার ষড়যন্ত্র করছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদসহ জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।























