যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি ‘টুটুল’ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ার চাঞ্চল্যকর স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন (২৯) হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ সফিয়ার রহমান ওরফে টুটুলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কোতোয়ালী থানার চুড়ামনকাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই যশোর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের তত্ত্বাবধানে ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ মাসুদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পিবিআই সূত্রের প্রেস রিলিজ অনুযায়ী, গত ২০ আগস্ট বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় বারান্দীপাড়া মাঠপাড়ার স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন তার দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরবর্তীতে ওইদিনই বারান্দীপাড়া লিচুতলা মাদ্রাসার পেছনে একটি মেহগনি বাগানে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।
এর আগে গত ২৬ আগস্ট এ ঘটনায় জড়িত গোলাম রসুল (৩০) নামে অপর এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিল পিবিআই।
সর্বশেষ গ্রেফতারকৃত আসামি সফিয়ার রহমান ওরফে টুটুল শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার মোসলেম আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি ও দেখানো মতে নাজিরশংকরপুর এলাকার একটি বাড়ির জানালার সানশেড থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়।
পিবিআই জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত ও গ্রেফতার করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।























