যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কৃত শ্রেষ্ঠ ৩ প্রতিযোগী
নিজস্ব প্রতিবেদক
যশোরে আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩ জন শ্রেষ্ঠ প্রতিযোগীসহ ১০ জনকে পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শহরের মান্দিয়া বটতলার রহমানিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রহমানিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক যশোর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সৈয়দ মাহবুবুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি আলহাজ মো. নূর ইসলাম।
মিসেস মনোয়ারা বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতার বাছাই পর্বে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্য থেকে বাছাই করা সেরা ১০ জন (টপ টেন) নিয়ে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মো. মু’আয হুসাইন। এতে দ্বিতীয় হয়েছেন মো. মাহিম মোল্যা এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মো. ইসমাইল হোসেন।
এ ছাড়া প্রতিযোগিতার সেরা দশে থাকা অন্য সাত প্রতিযোগী—মো. মুহাইমিনুল ইসলাম, মো. হুসাইন আহমাদ, মো. রিফাত হোসেন, মো. লাবিব মোল্যা, মো. নূর হুসাইন, মো. ইউসুফ ও মো. আবু বকরকে অংশগ্রহণমূলক বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক সৈয়দ আহসান কবীর, হাফেজ সৈয়দ কামরুজ্জামান, সৈয়দ সাইফুল ইসলাম, নড়াইল রেজিস্ট্রি অফিস মসজিদের মুয়াজ্জিন মো. জাফর আলী খান ও মো. তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।























