আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী অমিত
নিজস্ব প্রতিবেদক
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ খাত থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনা ও ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৌরবিদ্যুতের উৎপাদকদের উৎসাহিত করার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী গ্রীষ্মের আগেই যাঁরা সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তাঁরা নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করতে পারবেন। প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে সরকার কিনে নেবে।
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত প্রয়াসেই এ খাতে দ্রুত অগ্রগতি সম্ভব। গ্যাস বা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হলেও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় দুটোই কম। দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুতের বিস্তার বাড়ানোর কোনো বিকল্প নেই।
যশোর টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার এবং ইওয়াই বাংলাদেশের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট নাঈমুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।























