যশোরে যৌথ বিনিয়োগের নামে ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
যৌথ বিনিয়োগের নামে প্রায় ৮৭ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা মো. কবির ইকবাল। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব যশোরে পাওনা টাকা ফেরতসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে কবির ইকবাল জানান, ২০১৪ সালের দিকে সঞ্জয় কুমার নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে সঞ্জয় কুমারসহ কয়েকজন মিলে যশোর শহরের চাঁচড়া এলাকায় ‘হাজেরা ইন্টারন্যাশনাল হাসপাতাল’, ‘হাজেরা রিসোর্ট’ ও ‘হাজেরা সিটি অ্যাপার্টমেন্ট’ নির্মাণের নামে প্রায় ৬০ কোটি টাকার একটি যৌথ বিনিয়োগ প্রকল্পের প্রস্তাব দেন। বিনিয়োগের অনুপাতে মালিকানা প্রদান, প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া এবং ভারতের একটি হাসপাতালের চুক্তির মাধ্যমে চিকিৎসাসেবা পরিচালনার আশ্বাস দেওয়া হয়।
তিনি অভিযোগ করে বলেন, এসব আশ্বাসে বিশ্বাস করে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাব ও নগদে সঞ্জয় কুমার, এম এম আখতারুজ্জামান, আনিসুজ্জামান, মোস্তাক আহমেদ ও আকবর হোসেন সুমনের মাধ্যমে মোট ৮৭ লাখ ১০ হাজার টাকা প্রদান করেন। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়ন করা হয়নি এবং টাকা ফেরত চাইলে তাঁকে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে।
অর্থ উদ্ধারের লক্ষ্যে গত ১৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি (মামলা নং: ৭৪৭/২০২৬, পল্টন)।
কবির ইকবাল বলেন, আমি কোনো সংঘাত চাই না, আইনগত ও শান্তিপূর্ণ উপায়ে নিজের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে চাই। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরার প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানান তিনি। একই সাথে ঘটনার নিরপেক্ষ ও সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের কাছে আহ্বান জানান। এসময় সংবাদ সম্মেলনে তাঁর সাথে মোহাম্মদ খবির উদ্দিন উপস্থিত ছিলেন।
তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সঞ্জয় কুমার, এম এম আখতারুজ্জামান, আনিসুজ্জামান, মোস্তাক আহমেদ ও আকবর হোসেন সুমনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।























