ছেলের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও ডিলারশিপে অনিয়মের অভিযোগ বাবার
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স শয়ন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে কোটি টাকার অর্থ-সম্পদ আত্মসাৎ, পরিবারের সদস্যদের ওপর নির্যাতন, হয়রানিমূলক মামলা ও সার বিক্রিতে অনিয়মের মতো গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরই জন্মদাতা বাবা মো. আব্দুস সবুর।
সোমবার (৭ সেপ্টেম্বর) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সুষ্ঠু তদন্ত ও পাওনা সম্পদ উদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। আব্দুস সবুরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, ছেলে লেন্টু পরিবারের সদস্যদের ব্যবসায়িক অর্থ ও প্রায় ১৫ কোটি টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে ভোগদখল করছেন। পাওনা ফেরত চাইলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি বাবাকে মারধরের ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে। উল্টো পরিবারকে হয়রানি করতে এ পর্যন্ত ১২টি ‘মিথ্যা’ মামলা দায়ের করা হয়েছে বলে জানান আব্দুস সবুর। এসবের প্রতিকার চেয়ে যশোরের পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আতিকুর রহমান লেন্টুর সার ডিলারশিপ এবং অনিয়ম নিয়েও বিস্ফোরক তথ্য দেওয়া হয়। আব্দুস সবুর জানান, চৌগাছা-ঝিকরগাছা আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলামের ডিও লেটারের মাধ্যমে লেন্টু সার ডিলার হন। পরবর্তীতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে প্রশাসনের অভিযানে তিন দফায় ৩৭, ২৭১ ও ১৫ বস্তা সার আটক হয়। এতে প্রতিবারই অর্থদণ্ড এবং সর্বশেষ ঘটনায় তাঁর ডিলারশিপ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন হাটবাজার ইজারায় অনিয়ম এবং চৌগাছা উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজে প্রায় ১৮ কোটি টাকার বরাদ্দ বন্ধে হাইকোর্টে রিট করার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বক্তা অভিযোগ করেন, প্রশাসন বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও লেন্টু উল্টো পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটনায় সংবাদ সম্মেলন করছেন। লিখিত বক্তব্যে অবিলম্বে পরিবারের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, পাওনা অর্থ-সম্পদ উদ্ধার এবং তদন্তের মাধ্যমে লেন্টুর বিচার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজুর রহমান, শফিকুল, কাকোনা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।























