যশোরে ভোক্তা অধিকার রক্ষায় ক্যাবের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
যশোরে স্থানীয় পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে যশোর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা শাখা এ সভার আয়োজন করে।
ক্যাব যশোর জেলা কমিটির সভাপতি মো. আবদুর রকিব সরদার অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব (পিআরএল) এ. এইচ. এম. সফিকুজ্জামান।
সভায় বক্তারা ভোক্তাদের স্বার্থরক্ষা ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। তাঁরা বলেন, শুধু আইন প্রয়োগ বা নীতিমালা প্রণয়ন করে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার রক্ষা সম্ভব নয়; এজন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে গণমাধ্যম, সুশীল সমাজ, এনজিও এবং ভোক্তা অধিকার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা যশোর অঞ্চলের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এবং ভোক্তা হয়রানির নানা চিত্র তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে ক্যাবের ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠনটির মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় ক্যাবের স্থানীয় প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের সদস্যগণ উপস্থিত ছিলেন।























