আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষে এ আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, অর্জিত জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতার উন্নয়ন ঘটানো জরুরি। বক্তারা আরও জোর দিয়ে বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে নিজেদের নিবেদিত করতে হবে, তবেই দেশ কাঙ্ক্ষিত উন্নতির শিখরে পৌঁছাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির এবং কারিগরি ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ রাজিব ইরফাত মাহমুদ। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাবিনা শাহিন শোভা বক্তব্য উপস্থাপন করে।
প্রফেসর জিল্লুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।























