যশোর হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরির চেষ্টা: নারীর ১৫ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টার দায়ে শাহানা বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একদিনের বিচারিক আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাহানা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মাহামুদ আলীর স্ত্রী।
মামলার বিবরণীতে জানা যায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন শাহানারা বেগম (৫০) নামে এক রোগী। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে শাহানা বেগম তার গলা থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে হাতেনাতে আটক করে হাসপাতালের পুলিশ বক্সে সোপর্দ করেন।
পরবর্তীতে কোতোয়ালি মডেল থানার এসআই সিমন হাওলাদার আটক শাহানাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি অপরাধের কথা স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে একদিনের বিচারিক আদালতে সোপর্দ করে।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার শুনানিকালে প্রথমে অভিযোগ অস্বীকার করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ মঙ্গলবার আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তাকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি শাহানা বেগম বর্তমানে যশোর কারাগারে আটক রয়েছেন।























