যশোরে জামতলা মিষ্টির কারখানা ও বটতলা হোটেলে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের দড়াটানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে জামতলা মিষ্টান্ন ভান্ডারের কারখানা ও বটতলা হোটেলকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চলার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও শামিউল আলমের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এই যৌথ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে শহরের ঘোপ জেলরোড এলাকার তরিকুল ইসলামের বাড়ির গলিতে অবস্থিত ‘জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডার’-এর কারখানায় প্রথম অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং উন্মুক্ত অবস্থায় মিষ্টি রাখাসহ নানা অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। এসব অপরাধে কারখানার মালিক শাহাজান কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে দড়াটানা মোড়ের ‘বটতলা হোটেল’-এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। রান্নাঘরের নোংরা পরিবেশ ও বিভিন্ন অসঙ্গতি থাকায় হোটেলের মালিক আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।























