যশোরে অসুস্থ কয়েদির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে অরুই বাড়ই (৬৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অরুই বাড়ই বাগেরহাট জেলার রামপাল থানার নদীর হোলা এলাকার রবীন্দ্রনাথের ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদি নম্বর ৭৮২৯/এ হিসেবে বন্দি ছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কারাগারের ভেতরে অরুই বাড়ই হঠাৎ তীব্র অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।























