যশোরের চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার
নিজস্ব প্রতিবেদক
‘বই আমাদের বড় বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। বই মানুষের মনকে আলোকিত ও সমৃদ্ধ করে, আর গাছ আমাদের জীবন বাঁচিয়ে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।’ যশোর জেলার চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। পাঠাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা শেষে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীর হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
বাড়ীয়ালী যুব পাঠাগারের সভাপতি রওশন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার।
প্রধান অতিথি ফারজানা ইসলাম বাড়ীয়ালী যুব পাঠাগারের সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতামূলক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চারাগাছগুলো যত্ন সহকারে লালন-পালন করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন শিক্ষার্থীদের চারা রোপণের সঠিক পদ্ধতি এবং পরিবেশবান্ধব গাছের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক উবাঈদুল হুসাইন আল্ সামি, জুবায়ের হোসেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, সদস্য সাহাজুর রহমান, ইউসুফ আলী, আশিকুর রহমান এবং লাইব্রেরিয়ান হাবিবুর রহমান।
আলোচনা সভা শেষে বাড়ীয়ালী-হাউলি মাধ্যমিক বিদ্যালয় ও বাড়ীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। পাঠাগার কর্তৃপক্ষের এমন ইতিবাচক পদক্ষেপে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।























