সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্কের অপচেষ্টা চলছে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কিছু মহল বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই মিলনায়তনে চাকরি মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বৃদ্ধ বাবা-মায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের অধিকার সুরক্ষার লক্ষ্যেই সম্পত্তি হস্তান্তর আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। তবে এই মানবিক ও কল্যাণমুখী বিষয়টি নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে বিভ্রান্তি ছড়াতে ও বিতর্ক তৈরির চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।
‘ক্যারিয়ার হোক ক্ষুদ্র ঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’—এই প্রতিপাদ্য সামনে রেখে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) দিনব্যাপী এ চাকরি মেলার আয়োজন করে। সেমিনারের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আয়োজক সূত্রে জানানো হয়, দিনব্যাপী এই মেলায় মোট ৩৭টি ক্ষুদ্রঋণ সংস্থা অংশগ্রহণ করে। মেলায় প্রাপ্ত ২২ হাজার আবেদনের মধ্য থেকে নিরপেক্ষ যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ১১৫ জন যোগ্য প্রার্থীকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়।
সমাপনী সেমিনার শেষে প্রধান অতিথি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চাকরিপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন।























