যশোরে জেলা পর্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
নিজস্ব প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার যশোর জিলা স্কুল মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, জেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘটে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে আসরের শুভ সূচনা ঘোষণা করেন।
জেলা শিক্ষা অফিসার ও জেলা ক্রীড়া সমিতির সম্পাদক মাহফুজুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, জেলা ক্রীড়া অফিসার খালিদ হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন এবং উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন। সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্র জানায়, এবারের আসরে হ্যান্ডবল, দাবা এবং বালক-বালিকা বিভাগের কাবাডিসহ মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। জেলার ৮টি উপজেলা থেকে আগত খুদে অ্যাথলেট ও প্রতিনিধি দল এসব ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইতে অংশ নিচ্ছে।























