ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করল বিজিবি যশোর রিজিয়ন
নিজস্ব প্রতিবেদক
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় যশোরের ভৈরব নদীতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন (যশোর)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জাতীয় অর্থনীতি ও জনজীবনে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। এ সময় তিনি অবৈধভাবে মাছ শিকার রোধ ও মৎস্যসম্পদ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের কল্যাণে বিজিবির এমন সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, পরিচালক (অপারেশন) লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, লজিস্টিক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান এবং ৪৯ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নূর উদ্দিন আহমাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশ, জনগণ ও বিজিবির সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।























